বিশেষ প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলায় জীবিত তক্ষক বিক্রির চেষ্টাকালে জালাল শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গঙ্গারামপুর ইউনিয়নের কায়েমখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুখদাড়া বাজার এলাকায় অবস্থানকালে খবর পাওয়া যায়, কায়েমখোলা-টু-হুলা সড়কে এক ব্যক্তি জীবিত তক্ষক বিক্রির জন্য অপেক্ষা করছে। পরে এসআই রুবেলের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে জালাল শেখের হাতে থাকা লাল ঢাকনাযুক্ত প্লাস্টিকের বাস্কেট তল্লাশি করে প্রায় ১৪ ইঞ্চি লম্বা ধূসর রঙের খয়েরি দাগযুক্ত একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তক্ষকটির আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, প্রায় এক মাস আগে সুন্দরবন থেকে ফাঁদ পেতে তক্ষকটি ধরে বাড়িতে লুকিয়ে রাখেন। পরবর্তীতে বিক্রির উদ্দেশ্যে তা নিয়ে আসেন।
এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-এ মামলা (নং-১) দায়ের করা হয়েছে। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, আদালতের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত তক্ষক বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
