উন্মাদনা, রোমাঞ্চ আর উদ্দীপনা—চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লড়াইকে এই তিন বিশেষণেই বিশেষায়িত করা যায়। গ্রুপপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া ভারতের সেমিফাইনালের টিকিটের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা, জিতেও পাকিস্তানের বিদায়, জিম্বাবুয়ের চমক জাগিয়েও বাড়ির পথ ধরা—কিছুরই কমতি ছিল না।
সুপার এইটের সেই উত্তাপ পেরিয়ে বিশ্বকাপ এবার পা দিল সেমিফাইনালে। আট দলের লড়াই নেমে এলো চার দলে। এবার আরও রোমাঞ্চ, আরও চ্যালেঞ্জিং লড়াই। সাউথ আফ্রিকা , নিউজিল্যান্ড , ইংল্যান্ড ও ভারত
সবার চোখ ফাইনালের টিকিটে।
চার দলের মধ্যে প্রথমে সেরা চার নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ-১-এ শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রেখেছিল তারা। তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে দাপটের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয় দলটি। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলও তারা।
অন্যদিকে ভারতকে অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। সুপার এইটের শেষ লড়াইয়ে জয় তুলে নিয়েই নিশ্চিত হয় সেমিফাইনাল। দুই জয় ও এক পরাজয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেরা চারে ওঠে স্বাগতিকরা। শুরুতে কিছুটা চাপ থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে দলটি।
