পবিত্র মাহে রমজান উপলক্ষে টালিয়ামারা বাজার জামে মসজিদে সাধারণ মুসল্লিদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। লন্ডন প্রবাসী সমাজসেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বটিয়াঘাটা উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মেহেদী কবীর সুমন-এর সৌজন্যে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার প্রায় ১৫০ থেকে ১৫৫ জন মুসল্লি অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
স্থানীয়রা জানান, মেহেদী কবীর সুমন দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। রমজানের এই বরকতময় মাসে এমন আয়োজন তাঁর সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতারই বহিঃপ্রকাশ।
মুসল্লিরা তাঁর এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।