যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মিলিতভাবে ইরানে হামলা চালিয়েছে। এরপর ইরানও পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানের ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। তবে ট্রাম্প এই বিষয়ে মাঠ ঘামাচ্ছেন না।
চলতি সপ্তাহে আটলান্টায় বিশ্বকাপ অংশগ্রহণকারী দেশগুলোকে নিয়ে ফিফার একটি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে একমাত্র অনুপস্থিত দেশ ছিল ইরান। এরপর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানি ফুটবল দল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে আসবে কি না, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ যুক্তরাষ্ট্রের মনোভাবের নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বর্তমান মারমুখী অবস্থান বিশ্বকাপের জন্য মোটেও ইতিবাচক কোনো সংকেত দিচ্ছে না।
গত বছর এশীয় অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ ‘এ’-তে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় ইরান। এবারের আসরে তারা রয়েছে গ্রুপ ‘জি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী, ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলার কথা।
এর আগে, গত জুনে ট্রাম্পের জারি করা কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর একটি হলো ইরান। যদিও এই নিষেধাজ্ঞায় বিশ্বকাপের খেলোয়াড় ও অফিশিয়ালদের ছাড় দেয়া হয়েছে।
