অধ্যক্ষর অনিয়মের প্রতিবাদে কক্ষে তালা
নিজস্ব প্রতিবেদক
নগরীর দৌলতপুরের মুহসিন মহিলা কলেজের অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষর অনিয়মের প্রতিবাদে কক্ষে তালা দিয়েছে বিক্ষুদ্ধরা। এসময় শিক্ষার্থী, অভিভাবক, ও এলাকাবাসীর উদ্যোগে অভিভাবক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, কলেজের অভ্যন্তরীণ অডিটে সাবেক অধ্যক্ষ মো আব্দুল লতিফ এর বিরুদ্ধে এক কোটি একুশ লক্ষ বিরাশি হাজার ছয় শত চুয়াত্তর টাকা আত্মসাৎ ও প্রশাসনিক অন্যান্য অনিয়ম ঢাকতে নওরোজী কবির অবৈধ ভাবে অধ্যক্ষর চেয়ার দখল করেছে । তিনি উপাধ্যক্ষসহ সাত জন কর্মচারির বেতন অন্যায় ভাবে বন্ধ করেছেন।
বক্তারা অবিলম্বে বেতন চালু, অনিয়মের যথাযথ শাস্তি ও অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নওরোজী কবিরকে অপসারণ করে বিধি মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান। মানবন্ধনে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ সহ ৭ জন কর্মকর্তা কর্মচারী গনের অভিভাবক মো হামেজ উদ্দিন হাওলাদার, সঞ্জয় সরকার, আব্দুর রাজ্জাক গাজী, মো মিজান, জাহিদ সিদ্দিক প্রমূখ।
এর আগে ভুক্তভোগীগনের বিক্ষুদ্ধ অভিভাবকরা অধ্যক্ষর কক্ষে তালা দেয় এবং একই সাথে অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষর নেমপ্লেট ভেঙ্গে দেয় । এ বিষয় স্বীকার করে অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নওরোজী কবির জানান, নিয়োগ ও বেতন সংক্রান্ত কারনে আমার কক্ষে তালা দেওয়া হয়েছে। সামনের নেমপ্লেট ভেঙ্গে ফেলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গত ১০/৯/২৫ তারিখে চিঠি দিয়ে কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে বিধিমতে নওরোজী কবিরের অত্র কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষে দায়িত্ব পালন করার সুযোগ নেই ।
