নিজস্ব প্রতিবেদক;
নগরীর প্লাটিনাম জুট মিলের মোড়ে সকল বন্ধ মিল পুনরায় চালুর দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার পর্ষদের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪টায় এ সমাবেশে কয়েকশ শ্রমিক-কর্মচারী অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় পাটকল ধ্বংস করার সুপরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবে একদিকে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে, অন্যদিকে ব্যক্তিমালিকানায় হস্তান্তরের পথ সুগম করা হয়েছে। এর ফলে হাজার হাজার শ্রমিক পরিবার বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। বক্তারা বলেন, “যারা সোনালী আঁশের গৌরবকে কবর দিয়ে পাটকল বন্ধ করেছে, টেন্ডারের নামে যন্ত্রাংশ লুটপাট করেছে, শ্রমিকদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে—তাদের জবাব দিতে হবে।”
সমাবেশের সভাপতিত্ব করেন পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার পর্ষদের আহবায়ক মোঃ জাকির হোসেন। পরিচালনা করেন সারবিন শ্যামল। সমাবেশে বক্তব্য দেন—পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার পর্ষদের উপদেষ্টা শ্রমিক নেতা নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, হার্ডবোর্ড শ্রমিক নেতা আব্দুল জব্বার, ক্রিসেন্ট শ্রমিক নেতা পান্নু , নুরুল ইসলাম,মোশারফ হোসেন, সামসুল হক,রাসেল, আবুল খায়ের, মোঃ মুকুল, ছাত্র নেতা মোঃ আলামিন, লাকী বেগম সহশ্রমিক নেতৃবৃন্দ।
