টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ, পাকিস্তান ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে চলমান টানাপোড়েন নতুন মোড় নিয়েছে। বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে এবার আইসিসির কাছে তিনটি শর্ত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব শর্ত মানা হলে তবেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামতে রাজি হবে পাকিস্তান।
ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের অনুরোধ সত্ত্বেও আইসিসির পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। এ সিদ্ধান্তের শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান।
বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে আইসিসির ওপর চাপ সৃষ্টি করতে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পিসিবি। এতে আইসিসির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক চরম অচলাবস্থায় পৌঁছে।
তবে সেই অচলাবস্থা কাটার আভাস মিলেছে। এনডিটিভি সূত্রে জানা গেছে, রোববার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পিসিবি তিনটি প্রধান দাবি তোলে।
দাবিগুলো হলো—
প্রথমত, বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের জন্য বাড়তি আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
দ্বিতীয়ত, টুর্নামেন্টে অংশ না নিলেও বাংলাদেশকে পূর্ণ অংশগ্রহণ ফি নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, ভবিষ্যতে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব বাংলাদেশকে দিতে হবে।
আইসিসির পক্ষ থেকে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থার ইঙ্গিত দেওয়া হলেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে পিসিবি। বোর্ডের ভেতরে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পক্ষে কিছু কর্মকর্তা মত দিলেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এখনও কঠোর অবস্থান ধরে রেখেছেন।
চূড়ান্ত সিদ্ধান্তের আগে আজ (সোমবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসছেন পিসিবি চেয়ারম্যান—এমন তথ্যও জানা গেছে।
সব মিলিয়ে বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে পাকিস্তানের এই অবস্থান বিশ্ব ক্রিকেট রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, আইসিসি পাকিস্তানের তিন শর্তে কতটা ছাড় দেয় এবং তার বিনিময়ে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটে কি না।
