চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি–জুন) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৮ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর আগে এই লক্ষ্যমাত্রা ছিল ৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ২০ শতাংশ, তবে বাস্তবায়ন হয়েছে মাত্র ৬ দশমিক ১০ শতাংশ।
সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর নুরুন নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুদ্রানীতি ঘোষণায় জানানো হয়, আগামী জুন পর্যন্ত সরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৬০ শতাংশ। এর আগে ডিসেম্বর পর্যন্ত এ লক্ষ্য ছিল ২০ দশমিক ৫০ শতাংশ। তবে বাস্তবে এই সময়ে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ২৮ দশমিক ৯০ শতাংশ, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
এ প্রসঙ্গে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সরকার বেশি ঋণ নিলে স্বাভাবিকভাবেই বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যায়। এখানে ঋণ বণ্টনের ক্ষেত্রে একটি কাঠামোগত সমস্যা রয়েছে। তিনি আরও বলেন, রাজস্ব আদায় প্রত্যাশিত হারে না বাড়ায় সরকারের পক্ষে ঋণ গ্রহণ কমানোও কঠিন হয়ে পড়েছে।
