খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
- খেলা

ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলতে সম্মত হয়েছে পাকিস্তান। এর মাধ্যমে পূর্বঘোষিত বয়কট সিদ্ধান্ত থেকে সরে এলো দেশটি। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান দল। এর আগে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান এই ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তখন জানিয়েছিলেন, […]

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলতে সম্মত হয়েছে পাকিস্তান। এর মাধ্যমে পূর্বঘোষিত বয়কট সিদ্ধান্ত থেকে সরে এলো দেশটি। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান দল।
এর আগে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান এই ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তখন জানিয়েছিলেন, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে না দেওয়ার পেছনে ভারতের প্রভাব রয়েছে—এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের প্রতিবাদেই এই অবস্থান নিয়েছিল ইসলামাবাদ।
তবে সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগের পর সেই কঠোর অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান সরকার।
জিও টিভির খবরে বলা হয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দেশনায়েকের সঙ্গে টেলিফোন আলাপের পরই পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। ফোনালাপে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পাকিস্তান প্রধানমন্ত্রীকে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট না করার অনুরোধ জানান। পাকিস্তান প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, দুই দেশের শীর্ষ নেতার মধ্যে হওয়া এই আলোচনা ছিল অত্যন্ত ইতিবাচক।
ফোনালাপে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রস্তাব দেন, পাকিস্তান–ভারত ম্যাচটি শ্রীলঙ্কায় আয়োজন করা যেতে পারে। তিনি বলেন, সন্ত্রাসবাদের কঠিন সময়ে পাকিস্তান শ্রীলঙ্কার ক্রিকেটকে সর্বাত্মক সমর্থন দিয়েছিল এবং ঝুঁকি থাকা সত্ত্বেও সফর অব্যাহত রেখেছিল। দীর্ঘদিনের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অনুভূতিকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বলেন, কঠিন সময়ে শ্রীলঙ্কাও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এবং সেই সমর্থনের মধ্যেই পাকিস্তানে ক্রিকেট অব্যাহত ছিল। সম্প্রতি শ্রীলঙ্কা দলের পাকিস্তান সফর বাতিল না করাকে তিনি পাকিস্তানি জাতি ও ক্রিকেটভক্তদের জন্য “একটি অবিস্মরণীয় উদাহরণ” হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, প্রয়োজনীয় পরামর্শ শেষে পাকিস্তান–ভারত ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে জানানো হবে।
বিসিবির ওপর কোনো শাস্তি নয়: আইসিসি
এদিকে সোমবার রাতে এক বিবৃতিতে আইসিসি নিশ্চিত করেছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে আলোচনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর কোনো আর্থিক, ক্রীড়া বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না।
আইসিসি জানায়, দক্ষিণ এশিয়ার ক্রিকেটের ভবিষ্যৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংলাপ হয়েছে। বাংলাদেশের অনুপস্থিতি দুর্ভাগ্যজনক হলেও বিসিবি একটি পূর্ণ সদস্য হিসেবে আইসিসির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈশ্বিক ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের ভূমিকা অপরিহার্য—এ বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান আইসিসি বিধিমালা অনুযায়ী বিসিবি চাইলে ডিসপিউট রেজোলিউশন কমিটি (ডিআরসি)-এর শরণাপন্ন হওয়ার অধিকার সংরক্ষণ করবে। আইসিসি তাদের অবস্থান নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতার নীতিতে পরিচালিত বলে জানিয়ে শাস্তির বদলে সহযোগিতামূলক সমাধানের ওপর জোর দেয়।
এই সমঝোতার অংশ হিসেবে সিদ্ধান্ত হয়েছে, আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০৩১–এর আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে, যা নির্ধারিত আয়োজক প্রক্রিয়া ও শর্ত সাপেক্ষে বাস্তবায়িত হবে।
আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা বলেন,
“টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক হলেও বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট জাতি হিসেবে আইসিসির দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি।”
পাকিস্তানকে ম্যাচ খেলার অনুরোধ বিসিবির
এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এক আলাদা বিবৃতিতে পাকিস্তানকে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলার অনুরোধ জানিয়েছেন। পাকিস্তান সফর শেষে তিনি পিসিবি চেয়ারম্যান মোহসিন রাজা নকভি, তাঁর বোর্ড ও পাকিস্তানের ক্রিকেটভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিসিবির বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ক্রিকেট সংকটের সময় পিসিবির ক্রীড়াসুলভ আচরণ ও সংহতি প্রশংসনীয়। আইসিসির সঙ্গে চলমান সংকটে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এর আগে পিসিবি, বিসিবি ও আইসিসির মধ্যে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পিসিবি সমন্বয়কের ভূমিকা পালন করে এবং বাংলাদেশের দাবির বিষয়ে একটি সমাধান–সূত্র তৈরির অগ্রগতি হয়। চূড়ান্ত অনুমোদনের পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সংশ্লিষ্ট পক্ষগুলো আবার আলোচনায় বসবে বলে জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved