বটিয়াঘাটা, প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও সুন্দরবন সংলগ্ন এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে রূপান্তর কর্তৃক আয়োজিত পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি অনুষ্ঠিত হয় ১১ জানুয়ারি ২০২৬ তারিখে বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম সুলতান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বটিয়াঘাটা, খুলনা। তিনি বলেন, পলিথিন ও প্লাস্টিক দূষণ শুধু পরিবেশ নয়, নদী, মৎস্য সম্পদ ও সুন্দরবনের অস্তিত্বের জন্য বড় হুমকি। বনজীবীদের সচেতন ও দক্ষ করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
উপস্থিত ছিলেন বিপাশা রায়, রূপান্তরের প্রতিনিধি।
তিনি প্লাস্টিক দূষণ প্রতিরোধে স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা ও টেকসই বিকল্প ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম, সভাপতি, ইয়ুথ ফর দি সুন্দরবন, বটিয়াঘাটা, খুলনা। তিনি বলেন, বনজীবীদের সঙ্গে নিয়ে পরিবেশ রক্ষার আন্দোলন জোরদার করাই আমাদের লক্ষ্য। যুব সমাজ ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণই পারে সুন্দরবনকে নিরাপদ রাখতে।
কর্মশালায় বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ২৬ জন বনজীবী অংশগ্রহণ করেন। তাদেরকে পলিথিন ও প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব, তা কমানোর উপায় এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয় শংকর রায়, সাংগঠনিক সম্পাদক, ইয়ুথ ফর দি সুন্দরবন। তিনি বনজীবীদের পরিবেশ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মশালাটি স্থানীয় বনজীবীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্লাস্টিক দূষণ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনে অনুপ্রেরণা জোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
