দেশের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা শুধু রাজনৈতিক নেতাকর্মীদেরই নয়, তাদের বাড়িঘর ও পরিবারের সদস্যদেরও হুমকি দিচ্ছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ লেখেন,
“সারাদেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। যারা বিজয়ী হয়েছেন, তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধীদল ও ভিন্নমতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে।”
তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ রক্ষা ও রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। নির্বাচনের পর দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
