ঢাকা অফিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ৫৪ বছরেও শকুনদের হাত থেকে মুক্ত হতে দিতে চায় না। জুলাইয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলাম। শকুনেরা আবারও স্বাধীনতা, সার্বভৌমত্বকে খামচে ধরার চেষ্টা করছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সারজিস আলম বলেন, ভারত হাসিনা আর হাদির হামলাকারীদের জায়গা দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেও তা সম্ভব হবে না। ভারতীয় হাইকমিশন যদি বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া ভারতে তুলে ধরতে না পারে, তাহলে বাংলাদেশে ওই বিল্ডিং থাকার অধিকার নেই।মাথায় গুলিবিদ্ধ ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সোমবার বেলা ১টা ৫৫ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড়ে যায়। হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে। ওসমান হাদির এক আত্মীয় এই মামলার বাদি বলে জানিয়েছেন পল্টন থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান। হাদিকে গুলির ঘটনায় করা পল্টন থানার হত্যাচেষ্টা মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুজন এবং এ ঘটনায় অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও অপর এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গত ১২ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সোমবার দুপুরে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়।
