নিজস্ব প্রতিবেদক
গণ-অধিকারে গেলেন না আসিফ মাহমুদ। এনসিপিতেও আগ্রহ নেই। প্রার্থী হবেন ঢাকা-১০ আসনে, স্বতন্ত্র। তিনি সরকারের শুরুতেই স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। পদত্যাগ করেন গত ১০ ডিসেম্বর বুধবার। তিনি জুলাই-আগষ্টের গণ-অভ্যুত্থানে প্রথম সারির নেতৃত্ব।
গত শুক্রবার বেলা ১১টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘আপনাদের সহযোগিতা ও সমর্থন কাম্য।’ আসিফ মাহমুদ তাঁর পোস্টে একটি ভিডিও যুক্ত করেছেন।
ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, এই আসনে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার। তিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।
আসিফ মাহমুদ ঢাকা থেকে ভোট করবেন, তা আগেই জানিয়েছিলেন। গত ৯ নভেম্বর তিনি ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন। এরপর ঢাকা-১০ আসন থেকে তিনি নির্বাচন করবেন বলে আলোচনা ছড়িয়ে পড়ে।
