পবিত্র রমজান মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে এবং তাপমাত্রা সামান্য বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)।
সংস্থাটি জানিয়েছে, মাসজুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোট বৃষ্টিপাত মৌসুমি গড়ের নিচে থাকতে পারে। এনসিএমের প্রাথমিক জলবায়ু পূর্বাভাস অনুযায়ী, রমজানে দুই শহরেই বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম হওয়ার আশঙ্কা রয়েছে।
সাধারণত মাসিক গড় বৃষ্টিপাত মক্কায় প্রায় ৪ দশমিক ২ মিলিমিটার এবং মদিনায় প্রায় ৪ দশমিক ৩ মিলিমিটার। তবে রমজানে যদি বৃষ্টি হয়, তা হালকা মাত্রার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
তাপমাত্রার ক্ষেত্রেও স্বাভাবিকের তুলনায় কিছুটা উষ্ণ পরিস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, মক্কায় গড় তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় সর্বোচ্চ প্রায় ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, রমজান মাসে মক্কায় গড় তাপমাত্রা প্রায় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় প্রায় ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থাকে।
এনসিএম জানিয়েছে, এই মৌসুমি পূর্বাভাসের লক্ষ্য হলো প্রস্তুতি ও পরিচালন সক্ষমতা জোরদার করা—বিশেষ করে রমজান মাসে দুই পবিত্র মসজিদে আগত দর্শনার্থীদের সেবায় নিয়োজিত বিভিন্ন সংস্থার জন্য। পাশাপাশি সর্বশেষ আবহাওয়া তথ্য ও নিয়মিত জলবায়ু ব্রিফিং পেতে জনসাধারণকে সংস্থাটির সরকারি চ্যানেল অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
