দ্বিতীয় দিনের মতো কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালকদের সঙ্গে পৃথক বৈঠক করেন। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও চলমান কার্যক্রম নিয়ে এসব বৈঠকে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা, প্রতিরক্ষা প্রস্তুতি ও সমসাময়িক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে আবারও আন্তঃমন্ত্রণালয় সভায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই সভায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে টানা বৈঠকের মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রমে গতি আনার উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
