বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। বর্তমানে বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে তিনি জানিয়েছেন।
শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজানে এ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা দায়িত্ব নেওয়ার সময় রোজা সামনে থাকায় বিশেষ প্রস্তুতির সুযোগ কম ছিল। তবে ইতিবাচক বিষয় হচ্ছে, আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখতে যথেষ্ট।”
সিলেটের উন্নয়ন পরিকল্পনা
সিলেট নিয়ে সরকারের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে সিলেটের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, আইটি খাতের প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। পার্শ্ববর্তী দেশগুলো বড় ডিজিটাল কর্মসূচি গ্রহণ করেছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশকেও এ ক্ষেত্রে এগিয়ে যেতে হবে।
বিনিয়োগ ও কর্মসংস্থান
সিলেট আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি বলেন, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লাল ফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।
তিনি জানান, প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা দেওয়ার বিষয়েও সরকার কাজ করছে। খুব শিগগিরই এসব উদ্যোগের বাস্তবায়ন দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
