বাঙালির কাছে বিরিয়ানি শুধু খাবার নয়, এক ধরনের আবেগ। উৎসব কিংবা বিশেষ দিনে ধোঁয়া ওঠা এক প্লেট বিরিয়ানি যেন আনন্দকে পূর্ণতা দেয়। রমজান মাসে ইফতারের টেবিলেও অনেকেই রাখতে চান এই জনপ্রিয় পদ।
সারা বছর বাড়ি বা রেস্টুরেন্টে বিরিয়ানি-তেহারি খাওয়া হলেও রোজার মাসে মসজিদে ইফতারে দেওয়া বিরিয়ানি নিয়ে আলাদা আগ্রহ থাকে সবার। প্রতিবছর বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মজার পোস্ট ও মিমও দেখা যায়।
এবার সেই জনপ্রিয়তাকে ভিন্ন মাত্রা দিয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ‘বিরিয়ানি দিবে’ নামে একটি অ্যাপ তৈরি করে আলোচনায় এসেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
ওয়েবসাইট ও অ্যাপটিতে লাইভ লোকেশন যুক্ত করার সুবিধা রয়েছে। ফলে কেউ কোথাও ইফতারে বিরিয়ানি বিতরণ হলে সেটির তথ্য সেখানে যুক্ত করতে পারেন। অন্য ব্যবহারকারীরা অ্যাপ বা ওয়েবসাইটে ঢুকে দেখে নিতে পারবেন—কোন এলাকায়, কোন মসজিদে সেদিন বিরিয়ানি দেওয়া হচ্ছে।
জুবায়ের জানান, এটি মূলত একটি মজার (ফান) প্রজেক্ট। আগ্রহীরা প্ল্যাটফর্মে ভিজিট করে তথ্য দেখতে ও শেয়ার করতে পারবেন। তার এই অভিনব উদ্যোগ সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
