বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দলটি যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করে তুলবে। তিনি বলেন, “যুবকরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং বিশ্বের যে কোনো দেশে গিয়ে দ্রুত কর্মসংস্থানের সুযোগ পায়।”
তারেক রহমান আরও জানান, নারীদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। দেশের চার কোটি পরিবারের মধ্যে পরিবারের মায়েদের দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে খাদ্য ও নগদ সহায়তা দেওয়া হবে।
তিনি কৃষকদের জন্যও বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেন। কৃষি কার্ডের মাধ্যমে ঋণ, সার, বীজ ও বিমা সহায়তা প্রদান করা হবে, যাতে বিপদের সময় তারা ঘুরে দাঁড়াতে পারে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর মাঠে জেলা বিএনপির আয়োজনে জনসভায় অংশ নেন জেলা ও কেন্দ্রীয় নেতারা। তারেক রহমান জেলার ৪টি আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। দীর্ঘদিন পর তারেক রহমানের উপস্থিতিতে জনসভায় বিপুল উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।
