হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ৩য় টার্মিনাল যাতে চালু করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ৩য় টার্মিনাল নিয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ৩য় টার্মিনাল কবে নাগাদ চালু হবে জানতে চাইলে বিমান মন্ত্রী বলেন, কবে নাগাদ চালু হবে এটাতো বলা যাবে না। এখন আলাপ আলোচনা হবে, তদন্ত হবে, কিভাবে আমরা তারাতারি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। তবে নিদিষ্ট কোনো সময় দেয়া যাবে না।
থার্ড টার্মিনাল নিয়ে বেশ কিছু সুপারিশ ছিলো, কিছু অংশ ভাঙ্গতে হবে, নেটওয়ার্ক সমস্যা ছিলো, ঠিকাদার প্রতিষ্ঠার কবে নাগাদ হস্তান্তর করবে সে বিষয়ে প্রধানমন্ত্রী কি নির্দেশনা দিলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন চালু হচ্ছে না, সেটা অর্ন্তবর্তি সরকারের সময় ছিলো এতো দিন। তারা তো সেটা করকে পারতেন। এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।
২০১৭ সালে থার্ড টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেয় তখনকার আওয়ামী লীগ সরকার। নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। ব্যয় ধরা হয় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা।
২০২৩ সালের ৭ অক্টোবর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় বেবিচক জানিয়েছিল, ২০২৪ সালেই পুরোপুরি কার্যক্রম শুরু হবে থার্ড টার্মিনালের। কিন্তু তা আর হয়নি।
অন্তর্বর্তী সরকারও দফায়-দফায় চেষ্টা করেও শেষ পর্যন্ত থার্ড টার্মিনাল চালু হয়নি। মূলত ‘গ্রাউন্ড হ্যান্ডলিং এবং অপারেশনের বিষয়ে’ সিদ্ধান্তে না পৌঁছাতে পারা এবং টার্মিনাল ভবনের ভেতরে কিছু কাজের কারিগরি ত্রুটির জন্যই এই টার্মিনাল চালু করা সম্ভব হয়নি।
