১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার অধিকার আদায়ের লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ নাম না জানা অনেক শহীদ। আজ সেই অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা বিশ্বের সাথে একাত্মতা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সামিত সোমের ছবি ব্যবহার করে ফিফা বাংলা ভাষাকে যে সম্মান জানিয়েছে, তা দেশের ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ছবিতে দেখা যায় কানাডা প্রবাসী বাংলাদেশি তারকা ফুটবলার সামিত সোমকে। পোস্টের ক্যাপশনে ফিফা লিখেছে, ‘ভিন্ন ভাষায় একই আবেগ।’ ছবির ভেতরে বড় করে বাংলায় লেখা ছিল- ‘ফুটবলই আমাদের ভাষা।’
এই বার্তার মাধ্যমে ফিফা বোঝাতে চেয়েছে যে, ভাষার ভিন্নতা থাকলেও ফুটবলের আবেগ বিশ্বজনীন এবং বাংলা ভাষার মাধ্যমেই ফুটবলের সেই নিজস্ব ভাষা ফুটে ওঠে। উল্লেখ্য, এই পোস্টটি বিশেষভাবে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের জন্য দৃশ্যমান করা হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী হামজা চৌধুরীর পদাঙ্ক অনুসরণ করে বর্তমানে অনেক প্রবাসী বাংলাদেশি ফুটবলার লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে বিশ্ব ফুটবলে বাংলাদেশের পতাকাকে তুলে ধরছেন। ফিফার এই পোস্টে সামিত সোমের ছবি ব্যবহার করাকে সেই ক্রমবর্ধমান সাফল্যেরই একটি প্রতীকী স্বীকৃতি হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা।
মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি এক বার্তায় বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাতৃভাষার অধিকার, তাদের স্মৃতি চিরদিন বাঙালির হৃদয়ে অম্লান হয়ে থাকবে। শহীদদের রক্তে রাঙানো একুশ আমাদের গৌরব, আমাদের পরিচয়।বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল পেজে শুভেচ্ছা জানিয়ে লিখেছে, তারুণ্যের নব চেতনায় একুশ রবে সকলের অনুপ্রেরণায়।” বাফুফে পরিবারের পক্ষ থেকে দেশের সকল স্তরের মানুষকে জানানো হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়াঙ্গনই আজ একুশের চেতনায় উজ্জীবিত হয়ে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে।
