খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • এবার স্থানীয় নির্বাচনের আলোচনা
- বাংলাদেশ

এবার স্থানীয় নির্বাচনের আলোচনা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, নির্দলীয় পদ্ধতিতে স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রথম ধাপে ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হতে পারে। এরপর পর্যায়ক্রমে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি’র […]

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, নির্দলীয় পদ্ধতিতে স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রথম ধাপে ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হতে পারে। এরপর পর্যায়ক্রমে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি’র পরিকল্পনা অনুযায়ী, এপ্রিল-জুনের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের বিষয়ে চিন্তাভাবনা চলছে। সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ করে শেরপুর-৩ আসন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন সম্পন্ন করার পর স্থানীয় নির্বাচন শুরুর সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, ঝড়-বৃষ্টির মৌসুম বিবেচনায় নিয়ে উপনির্বাচনগুলো পহেলা বৈশাখের আগেই আয়োজনের পরিকল্পনা রয়েছে। সংসদে মেয়র পদে দলীয় মনোনয়ন সংক্রান্ত অর্ডিন্যান্স অনুমোদনের ওপর স্থানীয় নির্বাচনের পদ্ধতি নির্ভর করবে বলেও জানান তিনি।
বর্তমানে নির্বাচন কমিশন বাংলাদেশ সংসদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। যেহেতু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা—তা অনেকটাই বিএনপি’র অবস্থানের ওপর নির্ভর করছে।
পটভূমি
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৪৯৭টি উপজেলা পরিষদ ও ৬৪টি জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয়। এর মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন।
স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকেও ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।
জামায়াতে প্রস্তুতি
সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী বাছাই করেছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। গত বছর থেকে ঢাকার ১২৯টি ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলরদের মাঠপর্যায়ে সক্রিয় রাখা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
দল গোছাতে ব্যস্ত এনসিপি
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে কমিটি পুনর্গঠন এবং নতুন নেতৃত্ব সামনে আনার কাজ চলছে। আগামী ২৬ ফেব্রুয়ারি বিশেষ বৈঠকে নির্বাচন-পরবর্তী পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা।
দলীয় সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচনকে সাংগঠনিক সক্ষমতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে এনসিপি। সাম্প্রতিক সময়ে দলত্যাগীদের একটি অংশ আবার দলে ফিরে আসছেন বলেও জানা গেছে।
সব মিলিয়ে, সংসদ অধিবেশনের সিদ্ধান্ত ও উপনির্বাচন সম্পন্ন হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পথে অগ্রসর হতে পারে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোও ইতোমধ্যে মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved