নিজস্ব প্রতিবেদক
হিন্দু-অধ্যুষিত খুলনার বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হতে পারেন জেলার ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দী। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতার প্রার্থিতা নিয়ে ইতিমধ্যে এলাকায় আলোচনা চলছে। কৃষ্ণ নন্দী নিজেও প্রার্থিতার বিষয়ে দল থেকে ইতিবাচক সংকেত পেয়েছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
কৃষ্ণ নন্দী প্রথম আলোকে বলেন, ‘দল যদি আমাকে প্রার্থী ঘোষণা করে, তাহলে আমি ওখানে প্রার্থী হব, ভোট করব। দল খুলনা-১ আসনের জন্য আমাকে কিছুটা নিশ্চিত করেছে। দলের সিগন্যাল না পেলে তো মানুষ বলত না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল আমাকে মোটামুটি নিশ্চিত করেছে। আমি প্রস্তুতি নিচ্ছি। দল থেকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পর আমি শিগগির এলাকায় যাব। আমি এখনই না গেলেও আমার লোকজন এলাকায় যাচ্ছে।’
ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে। খুলনা-৫ আসনে জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলায় গোলাম পরওয়ারের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কৃষ্ণ নন্দীকে দেখা গেছে। তাঁর নেতৃত্বে প্রতিটি সমাবেশেই সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের সরব উপস্থিতি ছিল। ২০০৩ সালে জামায়াতে যোগ দেওয়া কৃষ্ণ নন্দী ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি। খুলনা-১ আসনে তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা থাকলেও সেখানে আগে থেকেই বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফকে প্রার্থী ঘোষণা করেছে দল।
দলের জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান বলেন, ‘আমরা কেন্দ্র থেকে আগে প্রার্থী ঘোষণা করেছি। তবে কথা রয়েছে পরবর্তী পর্যায়ে আমরা প্রার্থী পরিবর্তন করতে পারব। এই মাসের ১৫ থেকে ১৬ তারিখের দিকে সিদ্ধান্ত হয়েছে যে কিছু এলাকায় আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও উপজাতি প্রার্থী দেব। সেই আলোকে কিছু কথাবার্তা চলছে এখন। যেটা শুনছেন, সেটা চূড়ান্ত কোনো রিপোর্ট নয়। প্রার্থী চূড়ান্তের রিপোর্টটা কিছুদিনের মধ্যে পাওয়া যাবে।’
