খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • চানখাঁরপুল মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড
- আইন ও আদালত - জাতীয়

চানখাঁরপুল মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড

রাজধানীর চানখাঁরপুলে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে নিয়ে তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল […]

রাজধানীর চানখাঁরপুলে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে নিয়ে তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। রায়ে তাদের অস্থাবর ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশও দেওয়া হয়েছে।
অন্যান্য আসামির সাজা
এই মামলায় আরও পাঁচজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন পেয়েছেন চার বছরের কারাদণ্ড।
এ ছাড়া মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম—এই তিনজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার পটভূমি
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। নিহতরা হলেন শাহরিয়ার খান আনাস, শেখ মহদী হাসান জুনায়েদ, মো. যাকুব, মো. রকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া।
এই ঘটনার পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের এপ্রিলে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং পরবর্তী সময়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হলো।
আদালতের পর্যবেক্ষণ
রায়ে ট্রাইব্যুনাল বলেন, অভিযুক্তরা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে নিরস্ত্র মানুষের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছেন, যা মানবতাবিরোধী অপরাধের শামিল। অপরাধের ভয়াবহতা ও প্রমাণের ভিত্তিতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন বর্তমানে পলাতক রয়েছেন। রায় কার্যকরে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved