ঢাকা প্রতিনিধি
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কম্পনের মাত্রা জানা যায়নি। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। গত শুক্রবার ২১ নভেম্বর বাংলাদেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রাজধানীসহ সারা দেশে অনুভূত হয় কম্পনটি। আতঙ্কে অনেকে ঘর থেকে বের হয়ে আসেন। কেউ কেউ ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন। এখন পর্যন্ত শিশুসহ ১০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নরসিংদীতে মারা গেছেন পাঁচজন, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন। শনিবার সকাল ১০টা ৩৮ মিনিট ১২ সেকেন্ডে দিনের প্রথম মৃদু কম্পন হয়, যার মাত্রা ছিল ৩ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৯ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশে। এরপর সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় টানা দুটি কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে প্রথম কম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৭। মাত্র এক সেকেন্ড পর ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আরও একটি কম্পন হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর মধ্যে প্রথমটির উৎপত্তিস্থল বাড্ডা এবং দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদী।
