খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের সঁপে দিলাম: তারেক রহমান
- রাজনীতি

বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের সঁপে দিলাম: তারেক রহমান

শনিবার (৩১ জানুয়ারি) বগুড়ার একটি চার তারকা হোটেলের বলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের দলীয় নেতাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। সভায় উপস্থিত কোনো কোনো নেতা মন্তব্য করেন, বগুড়ায় […]

শনিবার (৩১ জানুয়ারি) বগুড়ার একটি চার তারকা হোটেলের বলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের দলীয় নেতাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। সভায় উপস্থিত কোনো কোনো নেতা মন্তব্য করেন, বগুড়ায় ধানের শীষের যে জনপ্রিয়তা, তাতে ভোটারের কাছে না গেলেও বিপুল ভোটে জয় নিশ্চিত।
 
তবে এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তারেক রহমান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যাবে না।’

তিনি আরও যোগ করেন, ‘বগুড়ার সাতটি আসনেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। জয়ের ব্যবধান যত বেশি হবে, জনরায়ের প্রতিফলন ততটাই শক্তিশালী হবে।’
তারেক রহমান এবার বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সারা দেশে নির্বাচনী প্রচারের ব্যাপক ব্যস্ততার কারণে তিনি নিজের আসনে সময় দিতে পারবেন না বলে জানান।

নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘অতীতে নানা সময়ে আপনাদের কাছে এসেছি। এবার প্রার্থী হয়ে এসেছি। তবে আমার নির্বাচন করার দায়িত্ব আপনাদের। কারণ, সারা দেশে আমাকে যেতে হচ্ছে। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম, এই ঘাঁটির জনগণকে আপনারা দেখে রাখবেন।’

বেলা ১১টায় শুরু হওয়া এই সভায় তারেক রহমান প্রথমে স্থানীয় নেতাদের অভাব-অভিযোগ ও পরামর্শ শোনেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভায় তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তির ওপর জোর দেয়া হয়।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের (বাদশা) সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার। সভায় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে তারেক রহমান সিরাজগঞ্জের জনসভার উদ্দেশ্যে রওনা করেন। পথের দুই ধারে হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য দাঁড়িয়ে ছিল। সাধারণ মানুষদের উপস্থিতির প্রেক্ষিতে তারেক রহমান শাজাহানপুর ও শেরপুর মোড়ে বক্তব্যও রাখেন। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved