চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামেছিল বাংলাদেশ। অলিখিত ফাইনাল হিসেবে বিবেচিত এই ম্যাচে আইরিশদের ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জয় নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
৩৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় লিটন দাসের দল।
বাংলাদেশ দলে এ ম্যাচে তিনটি পরিবর্তন আনা হয়। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা এবং শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রাখে আয়ারল্যান্ডকে। নির্ধারিত ২০ ওভারের এক বল আগেই মাত্র ১১৭ রানে অলআউট হয় অতিথিরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। অভিজ্ঞ জর্জ ডকরেল যোগ করেন ১৯ রান। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন সমান তিনটি করে উইকেট শিকার করেন।
১১৮ রানের সহজ টার্গেটে খেলতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ৪৬ রানের মধ্যে ফেরেন দুই ওপেনার—সাইফ হাসান ১৯ রান এবং অধিনায়ক লিটন দাস ৬ বলে ৭ রান করে আউট হন। তবে ইনিংসের হাল ধরেন ওপেনার তানজিদ তামিম ও চার নম্বরে নামা পারভেজ হোসেন ইমন। তৃতীয় উইকেটে তারা ৫০ বলে ৭৩ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন।
তানজিদ তামিম ঝড়ো ব্যাটিংয়ে ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। ইমন খেলেন ২৬ বলে ৩৩ রানের দায়িত্বশীল ইনিংস। তাদের জুটিতেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ।
এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা।
