প্রতিশ্রুতি খুলনার এসপির
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে খুলনার নবাগত পুলিশ সুপার মোঃ মাহাবুবুর রহমান প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন কোন শক্তি নেই, নির্বাচন বন্ধ করার। কোন অবস্থায় রাষ্ট্রের সম্পদ ক্ষতি হতে দেয়া যাবে না। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস দমনে এ সপ্তাহে ই অভিযান পরিচালিত হবে।
মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলণ কক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতকারে এ প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে তিনি বলেন, নৌ-পুলিশ, কোষ্ট গার্ড ও কেএমপি সবাই মিলে এ অঞ্চলকে অপরাধমুক্ত করা হবে। তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে কোনরকম ছাড় দেয়া হবে না। তফসিল ঘোষণা হলে জেলা পুলিশ সতর্ক থাকবে। তিনি তথ্য দেন, জেলায় ৫৩১টি কেন্দ্রের মধ্যে ১৩৫ টি ঝূঁকিপূর্ণ। তালিকার শীর্ষে রয়েছে পাইকগাছা। এ উপজেলায় ৩৫টি কেন্দ্র, কয়রা ১৪টি, ডুমুরিয়া ২৭ টি, ফুলতলায় ৪টি, দিঘলিয়ায় ৮টি, তেরখাদায় ৬টি, রূপসায় ২৩টি, দাকোপে ১৩টি ও বটিয়াঘাটায় ৫টি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম আল বেরুনী ও অতিরিক্ত পুলিশ সুপার (খুলনা সার্কেল) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
