নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের উদ্যোগে ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার উৎসবমুখর পরিবেশে যশোর জেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত হলো শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান। খুলনা অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার মেধাবী কাব ও স্কাউট সদস্যদের হাতে তুলে দেওয়া হয় এ সম্মাননা।
এবারের অনুষ্ঠানে খুলনার দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট সদস্য এবাদুল কবির সোহান ২০২১ সালের প্রেসিডেন্ট’স স্কাউট (রাষ্ট্রপতি পদক) অর্জন করেন। গর্বের বিষয় হলো, একই প্রতিষ্ঠান থেকে তার বড় ভাই ইনজামুল কবির রোহান ২০১৮ সালে একই সম্মাননা লাভ করেছিলেন।

রোহান আবেগঘন কণ্ঠে জানান, “দুই ভাইয়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল—একসাথে আমরা প্রেসিডেন্ট’স স্কাউট পদকপ্রাপ্ত হবো। আল্লাহর অশেষ রহমতে সেই ইচ্ছা আজ পূরণ হয়েছে।” পরিবার, বিদ্যালয় ও স্থানীয় স্কাউট নেতৃবৃন্দ এই অর্জনকে দিঘলিয়া উপজেলার জন্য একটি অনন্য গর্ব ও সাফল্য হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, এ অর্জন তরুণদের স্কাউটিংয়ে আরও আগ্রহী করবে এবং সমাজে ইতিবাচক অবদান রাখতে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেব প্রসাদ পাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি)। বিশেষ অতিথি ছিলেন জনাব মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (যশোর), শিক্ষা ও আইসিটি বিভাগ।
বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের কর্মকর্তারা বলেন, এ ধরনের পুরস্কার কাব ও স্কাউট সদস্যদের আত্মবিশ্বাস, মানবিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণকে আরও শক্তিশালী করে। স্কাউটিংয়ের আদর্শ ও মানবিক শিক্ষা ছড়িয়ে দিতে এ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অতিথিবৃন্দ স্কাউট আন্দোলনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
