নিজস্ব প্রতিবেদক
খুলনা এম এম সিটি কলেজ ছাত্রলীগের নেতা মাহবুব হাসান ইমনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে ইমনকে আটক করে। গ্রেফতারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে ওই মোবাইল ফোনে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্যসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার আলামত পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
মাহবুব হাসান ইমন ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর প্রার্থী ফয়জুল ইসলাম টিটোর অনুসারী হিসেবে পরিচিত। রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে তিনি সংগঠনের ভেতরে সক্রিয় ভূমিকা পালন করতেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
