জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও, ভোটকেন্দ্রে লাইন থাকায় বিকাল পৌনে চারটা পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রে ভোটগ্রহণ চলে।
এর আগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।
কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের জন্য মোট ৩৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে বসানো হয়েছে ১৭৮টি বুথ। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
