৮টি যুদ্ধ থামানোর পরও নোবেল পুরস্কার না পাওয়ায় শুধুমাত্র শান্তি নিয়ে ভাবতে বাধ্য নয় বলে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরকে লেখা এক চিঠিতে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
ট্রাম্প বার্তায় লিখেছেন, ‘প্রিয় জোনাস, আপনার দেশ সিদ্ধান্ত নিয়েছে আমাকে ৮টি যুদ্ধ থামানোর জন্য নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার, এজন্য আমি আর কেবল শান্তি নিয়ে চিন্তা করার দায়বদ্ধতা অনুভব করছি না।’
চিঠিতে তিনি আরও যুক্ত করেছেন যে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে, রাশিয়া বা চীনের কাছ থেকে রক্ষা করতে পারবে না এবং এই ভূমিতে তাদের ‘মালিকানা অধিকার’ আছে বলেও লিখিত কোনো দলিল নেই।
ট্রাম্প বার্তায় বলেছেন, ‘ন্যাটো প্রতিষ্ঠার পর থেকে আমি যে পরিমাণ অবদান রেখেছি অন্য কেউ রাখেনি। এখন, ন্যাটোর উচিত যুক্তরাষ্ট্রের জন্য কিছু করা। গ্রিনল্যান্ডে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়।’
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক কূটনীতি ও নরওয়ে–যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন বিতর্কের মুখে ফেলে দিতে পারে।
