রোববার প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে মিকেল আর্তেতার আর্সেনাল ও মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্কাই স্পোর্টস।
ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ মাইকেল ক্যারিক জানিয়েছেন, লিগ শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করার দারুণ সুযোগ দেখছেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে দায়িত্ব নেওয়ার পর স্বপ্নের শুরু পেয়েছেন ক্যারিক।
ডার্বি ম্যাচে ২-০ গোলের জয় দিয়ে কোচ হিসেবে যাত্রা শুরু করেন ক্যারিক। সেই ম্যাচে ইউনাইটেডের আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে ফুটবলবিশেষজ্ঞদের কাছ থেকে।
সাবেক এই ইউনাইটেড মিডফিল্ডার মৌসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন। এবার তার সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ—২২ বছরের অপেক্ষা ঘোচাতে লিগ শিরোপার পথে থাকা আর্সেনালের বিপক্ষে শক্তি পরীক্ষা।
শিরোপা দৌড়ে এগিয়ে থাকা আর্সেনালকে থামাতে পারলে, ক্যারিকের ইউনাইটেড নতুন করে আত্মবিশ্বাস পাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
