খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • বার্সেলোনার বিপক্ষে মেসির চোখ ধাঁধানো গোল, তবুও জয়হীন মায়ামি
- খেলা

বার্সেলোনার বিপক্ষে মেসির চোখ ধাঁধানো গোল, তবুও জয়হীন মায়ামি

প্রতিপক্ষের অর্ধে বল পেয়েই যেন সময়কে থামিয়ে দিলেন লিওনেল মেসি। মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে বক্সের দিকে ছুটলেন আর্জেন্টাইন মহাতারকা। সামনে দাঁড়ানো দুই ডিফেন্ডারকে নিখুঁত ড্রিবলে কাটিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে পড়লেন বক্সে। আরেকজন ডিফেন্ডার চ্যালেঞ্জ জানাতে গিয়েও ব্যর্থ হন। শেষ পর্যন্ত বাঁ পায়ের জাদুকরী শটে বল জড়িয়ে যায় জালে। দর্শকদের চোখ ধাঁধানো সেই […]

প্রতিপক্ষের অর্ধে বল পেয়েই যেন সময়কে থামিয়ে দিলেন লিওনেল মেসি। মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে বক্সের দিকে ছুটলেন আর্জেন্টাইন মহাতারকা। সামনে দাঁড়ানো দুই ডিফেন্ডারকে নিখুঁত ড্রিবলে কাটিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে পড়লেন বক্সে। আরেকজন ডিফেন্ডার চ্যালেঞ্জ জানাতে গিয়েও ব্যর্থ হন। শেষ পর্যন্ত বাঁ পায়ের জাদুকরী শটে বল জড়িয়ে যায় জালে। দর্শকদের চোখ ধাঁধানো সেই গোলের ভুক্তভোগী ক্লাবের নাম বার্সেলোনা। তবে স্পেনের নয়, ইকুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা এসসি।

চলতি বছরে এটাই মেসির প্রথম গোল। দক্ষিণ আমেরিকা সফরের প্রস্তুতি ম্যাচে গুয়াকুইলে ইন্টার মায়ামির জার্সিতে নিজের জাত চেনালেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। রোমাঞ্চকর এই ম্যাচে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচের ৩১তম মিনিটে মেসির অসাধারণ গোলেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে প্রথমার্ধে সেই লিড ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্রের ক্লাবটি। ৪১তম মিনিটে বার্সেলোনা এসসির হয়ে জোয়াও রোজাস গোল করে ম্যাচে সমতা ফেরান। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ধীরে ধীরে আক্রমণের গতি বাড়াতে থাকে ইকুয়েডরের দলটি।

তবে বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে আবারও আলোচনার কেন্দ্রে মেসি। স্টপেজ টাইমে দূরপাল্লার নিখুঁত ক্রস-ফিল্ড পাস বাড়ান ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। বক্সের প্রান্তে বল পেয়ে মেক্সিকান ফরোয়ার্ড লিওনার্দো বার্তেরেম এক টাচেই শট নেন এবং বার্সেলোনার গোলকিপারকে পরাস্ত করে মায়ামিকে ২-১ গোলে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে জয়ের পথেই ছিল ইন্টার মায়ামি। ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর মেসিকে তুলে নিয়ে মাঠে নামানো হয় লুইস সুয়ারেজকে। তবে ম্যাচের শেষ দিকে নাটকীয় মোড় নেয় খেলা। গুয়াকুইলের এস্তাদিও বাঙ্কো পিচিনচায় ৮৭তম মিনিটে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মায়ামির বদলি খেলোয়াড় ডেভিড আয়ালা। দশ জনের দলে পরিণত হওয়ার খেসারত দিতে বেশি সময় নেয়নি সফরকারীরা।

সংখ্যাগত সুবিধার পুরোটা কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যেই সমতা ফেরায় বার্সেলোনা এসসি। গোলপোস্টের খুব কাছ থেকে থমাস মার্টিনেজের নেয়া শট মায়ামির জালে ঢুকে পড়লে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। শেষ পর্যন্ত আর কোনো দল ব্যবধান বাড়াতে না পারায় ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

দক্ষিণ আমেরিকা সফরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। এর মধ্যে পেরুর আলিয়াঞ্জা লিমার কাছে হারের পর কলম্বিয়ার অ্যাথলেটিকো নাসিওনালের বিপক্ষে জয় পেলেও ইকুয়েডরের বার্সেলোনার বিপক্ষে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। জাভিয়ের মাসচেরানোর দল নতুন মৌসুমের প্রস্তুতির শেষ ম্যাচ খেলবে শুক্রবার পুয়ের্তো রিকোতে, ইন্দেপেনদিয়েন্তে দেল ভাল্লের বিপক্ষে।

আগামী ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস এফসির মাঠে ইন্টার মায়ামির এমএলএসের নতুন মৌসুম শুরু হবে। তার আগে প্রস্তুতি পর্বে মেসির এমন ঝলক দলটির জন্য বাড়তি আত্মবিশ্বাস জোগালেও রক্ষণভাগের দুর্বলতা এখনও চিন্তার কারণ হয়ে থাকল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved