গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে যেকোনো ব্যক্তির নিজ নির্বাচনী এলাকার বাইরে ৮১ ঘণ্টা অবস্থান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য কেউ এই সময়ের মধ্যে ওই এলাকায় অবস্থান করতে পারবেন না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ইসি জানায়, গণভোট ও সংসদ নির্বাচন যাতে কোনো ধরনের প্রভাব, বিশৃঙ্খলা বা সহিংসতা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
