চাঁদে একটি স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক। তার ভাষ্য অনুযায়ী, মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এখন চাঁদে স্থায়ী মানব বসতি গড়ে তোলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব বলে তারা আশাবাদী। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইলন মাস্ক জানান, স্পেসএক্স এখনও ৫ থেকে ৭ বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর গড়ে তোলার দীর্ঘমেয়াদি লক্ষ্য ধরে রেখেছে। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও মানবসভ্যতার ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত চাঁদ অভিযানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
মাস্ক বলেন, মানবজাতির টিকে থাকার জন্য একাধিক গ্রহে বসবাসের সক্ষমতা অর্জন জরুরি। সেই লক্ষ্য বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবেই চাঁদে স্থায়ী ও স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে জানানো হয়, স্পেসএক্স তাদের বিনিয়োগকারীদের অবহিত করেছে যে আপাতত মঙ্গল গ্রহে বসতি গড়ার পরিকল্পনা কিছুটা পিছিয়ে দিয়ে চাঁদ অভিযানে মনোযোগ কেন্দ্রীভূত করা হচ্ছে। মঙ্গল অভিযান ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পেসএক্স ২০২৭ সালের মার্চ মাসে চাঁদে একটি মানববিহীন মহাকাশযান অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। এই মিশনকে চাঁদে দীর্ঘমেয়াদি মানব বসতির প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, এক সপ্তাহ আগে ইলন মাস্ক ঘোষণা দেন, তার নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই (xAI) অধিগ্রহণ করেছে স্পেসএক্স। এই চুক্তিতে স্পেসএক্সের মূল্যায়ন করা হয়েছে প্রায় ১ লাখ কোটি ডলার, আর এক্সএআই-এর মূল্য ধরা হয়েছে প্রায় ২৫ হাজার কোটি ডলার।
বিশ্লেষকদের মতে, চাঁদে শহর গড়ার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মহাকাশ গবেষণা ও মানব সভ্যতার ইতিহাসে এটি হবে এক যুগান্তকারী অধ্যায়।
