জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে শিশির মনির লেখেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।”
এর আগে, ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে দলটির আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দেন, ভবিষ্যতে দল থেকে কেউ এমপি নির্বাচিত হলে তারা সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবেন না।
তিনি সে সময় আরও বলেন, কোনো কারণে বিরোধী দলে বসতে হলে তারা সরকারের মানবিক ও ইতিবাচক কাজে সহযোগিতা করবেন। তবে সরকার ‘পুরোনো কায়দায়’ কোনো অনিয়ম করলে প্রথমে ব্যক্তিগতভাবে সংশোধনের আহ্বান জানানো হবে। তাতে কাজ না হলে আন্দোলন-সংগ্রামের পথেও যাওয়ার ঘোষণা দেন তিনি।
নির্বাচনের ফলাফল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী—
বিএনপি পেয়েছে ২০৯টি আসন
জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন
স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৭টি আসন
জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন
বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন
গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস পেয়েছে একটি করে আসন
দলটির এই ঘোষণা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
