প্রথমবারের মতো ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার–এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও হান্নান মাসউদ। এছাড়া জামায়াতের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার আরমান এবং কর্নেল আব্দুল বাতেন (অব.) অংশ নেন।
এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
জানা গেছে, এর আগে শুক্রবার রাতে জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়— বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। একই সঙ্গে ভাষা শহীদদের কবর জিয়ারত ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করার কর্মসূচিও গ্রহণ করা হয়।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও রাত ১২টা ১ মিনিটে সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
