পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং অবৈধ সিন্ডিকেট, মজুদদারি ও কৃত্রিম সংকট প্রতিহত করতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে খুলনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা নাগরিক সমাজ-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ. এফ. এম. মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার। নির্বাহী সদস্য কবি নাজমুল তারেক তুষারের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সরদার আবু তাহের, এইচ. এম. আলাউদ্দিন, এস. এম. চন্দন, অ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামান, সাংবাদিক ওয়াহিদ মুরাদ, সরদার বাদশা, হুসাইন মাহমুদ বাচ্চু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, শাহীন হাওলাদার, মোসলেহ উদ্দিন তুহিন ও এস. কে. রানা আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যেন কোনোভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি জোরদার করতে হবে। বাজার তদারকি বৃদ্ধি এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
