যশোর শহরের একটি গোডাউন থেকে আমেরিকান তৈরি ৭৭টি নতুন মোটরসাইকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়েছে।
রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ–এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জব্দকৃত মোটরসাইকেলগুলো যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ২৪২ নম্বর বাড়ির একটি গোডাউনে সংরক্ষিত ছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি অনুমোদন কিংবা অন্যান্য বৈধ কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে ব্যর্থ হন গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু।
প্রশাসনের একটি সূত্র জানায়, কয়েকদিন আগে একই গোডাউনে কাস্টমস কর্মকর্তাদের নিয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিল। সে সময় প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের জন্য তিন দিনের সময় দেওয়া হয়। তবে রোববার পুনরায় অভিযান চালিয়ে দেখা যায়, গোডাউনে আমেরিকান ‘ইউএন’ কোম্পানির ৭৭টি নতুন মোটরসাইকেল রাখা রয়েছে, যার সম্পূর্ণ কাগজপত্র উপস্থাপন করা সম্ভব হয়নি।
এদিকে মোটরসাইকেলগুলোর মালিক হিসেবে পরিচিত আবু সাঈদ সাবু অসুস্থতার কথা জানিয়ে ঘটনাস্থলে উপস্থিত হননি। পরে তিনি প্রশাসনের কাছে ১০ দিনের সময় প্রার্থনা করেন। পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট গোডাউনটি তাৎক্ষণিকভাবে সিলগালা করার নির্দেশ দেন এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই রাখার সিদ্ধান্ত নেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রশাসন জানিয়েছে, অবৈধ আমদানি ও কাগজপত্রবিহীন পণ্য সংরক্ষণের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
