নিজস্ব প্রতিবেদক
খুলনার তেরোখাদা উপজেলার মধুপুর গ্রামে বোমা নিক্ষেপ করতে গিয়ে বিস্ফোরণে মামুন মোল্লা (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি মধুপুরের খালের মাথা এলাকার সরবেত মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মধুপুর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন মামুন মোল্লা।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর হলেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
