আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দিনের একমাত্র ম্যাচে শ্রীলঙ্কাকে ৬১ রানে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান করে কিউইরা। জবাবে ৮ উইকেটে ১০৭ রানে থামে লঙ্কানদের ইনিংস। এই পরাজয়ে আসর থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।
এদিন কিউইদের হয়ে শুরুটা ভালো করেন ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। তবে ২৩ রান করে থিকসানার হাতে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন অ্যালেন। বেশিক্ষণ দাঁড়াতে পারেননি সেইফার্টও। এরপর রাচিন রবীন্দ্রর ৩২ আর গ্লেন ফিলিপস খেলেন ১৮ রানের ইনিংস।
ড্যারেল মিচেল ও মার্ক চ্যাপম্যানও দ্রুতই ফিরলে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। তবে শেষদিকে স্যান্টনারের ৪৭ আর কোল ম্যাককানচির অপরাজিত ৩১ কিউইদের দেয় ১৬৮ রানের পুঁজি।
জবাবে শুরুর বলেই নিসাঙ্কাকে বোল্ড করেন হেনরি। ৫ রান করে হেনরির দ্বিতীয় শিকার হন আসালাঙ্কা। রাচিন রবীন্দ্রর একই ওভারে কুশল মেন্ডিস ও পাভান রাত্নায়েকে ফেরেন স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে।
