বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে ভিজিটর ও ভ্রমণ ভিসা কার্যক্রম আগের মতোই চালু থাকবে।
সোমবার সকালে মার্কিন দূতাবাস ঢাকা-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ২১ জানুয়ারি থেকে কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য বলে উল্লেখ করা হয়েছে।
তবে এই স্থগিতাদেশ ভিজিটর বা ভ্রমণ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানিয়েছে দূতাবাস। যারা বেড়াতে বা স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান, তারা আগের মতোই ভিসা আবেদন ও সাক্ষাৎকার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
এতে আরও বলা হয়, আবেদন গ্রহণ এবং নির্ধারিত সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়া আগের মতোই চলমান থাকবে। এমনকি দূতাবাসগুলোতে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও অব্যাহত থাকবে।
